কারাগারে গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য আটক

| আপডেট :  23 August 2025, 06:07  | প্রকাশিত :  23 August 2025, 06:07

বরিশালে মেহেদী হাসান শাওন নামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি জব্দ করা হয়। 

শুক্রবার (২২ আগস্ট) ভুয়া পরিচয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসামির সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন তিনি।

আটক মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন কালবেলাকে জানান, শুক্রবার বিকেল ৩টায় মেহেদী নামে এক ব্যক্তি কারাগারে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে যান। সুয়ান স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সদস্য।

এদিকে, আসামির সঙ্গে সাক্ষাতের জন্য মেহেদীকে শনিবার সকালে আসতে বলেন কারা কর্তৃপক্ষ। সকালে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পরে জানা যায়, মেহেদী ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছেন।

অভিযোগ রয়েছে, মেহেদী হাসান শাওন নিজেকে কখনও ডিজিএফআই, কখনও বিজিবি, আবার কখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানাভাবে প্রতারণা করে আসছিলেন। চাকরি দেওয়ার নামে বিভিন্ন জায়গা থেকে টাকা নেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবশেষ প্রতারণা করে কারাগারে প্রবেশ করতে গেলে আটক করা হয় শাওনকে।

তবে কী কারণে শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সে বিষয়ে কোনো কথা বলেননি প্রতারক মেহেদী হাসান শাওন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। জেল কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা করবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত