যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে: ইরান

| আপডেট :  19 July 2026, 05:57  | প্রকাশিত :  19 July 2026, 05:57

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, যে দেশ একসময় নিজেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান প্রবক্তা হিসেবে তুলে ধরেছিল, তাদের সর্বশেষ অর্জন এখন বেসামরিক সেতু ও অবকাঠামো ধ্বংসের দৃশ্য প্রকাশ করা। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে। খবর ইরনার।

রোববার (১৯ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘায়ি দাবি করেন, গত ১৬ জুলাই চাবাহার বন্দরের নৌ-নিরাপত্তা ও নৌচলাচল তদারকির একটি বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়ে ধ্বংস করে যুক্তরাষ্ট্র।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী গর্বের সঙ্গে ওই টাওয়ার ধ্বংসের ভিডিও প্রকাশ করেছেন। সুযোগ পেলে মিনাবের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা এবং লামের্দে বেসামরিক মানুষ হত্যার দৃশ্যও একইভাবে প্রচার করা হতো।

বাঘায়ি আরও বলেন, সর্বশেষ হামলায় যুক্তরাষ্ট্র জাস্কের বুনজি গ্রামের বিদ্যুৎ স্থাপনা ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ পাম্প লক্ষ্যবস্তু করেছে। এতে ১০ হাজারেরও বেশি মানুষ নিরাপদ পানির সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি দাবি করেন।

তার মতে, যে রাষ্ট্র একসময় আন্তর্জাতিক শৃঙ্খলা, উদার মূল্যবোধ ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নেতৃত্বের দাবি করত, তাদের এখনকার গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ছবি প্রকাশ করা।

বাঘায়ি বলেন, প্রতিটি সেতু, টাওয়ার ও বেসামরিক স্থাপনা ধ্বংসের সঙ্গে শুধু কংক্রিট বা ইস্পাতই ভেঙে পড়ছে না; বিশ্বের সামনে ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান, আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অঙ্গীকার এবং পশ্চিমা বিশ্বের সভ্যতার দাবিও।

তিনি প্রশ্ন তোলেন, চাবাহার, মিনাব, লামের্দ ও জাস্কে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, তার সঙ্গে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রকৃত পার্থক্য কোথায়, যেগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র অতীতে বিভিন্ন দেশে যুদ্ধ ও সামরিক অভিযান পরিচালনা করেছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত