ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএনপি

| আপডেট :  24 August 2025, 07:50  | প্রকাশিত :  24 August 2025, 07:50

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি’ বক্তব্য দেওয়ার অভিযোগের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে, যাতে বলা যায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফজলুর রহমান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসছেন। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তিনি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও শহীদদের নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছেন, যা দলের আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, তার এসব বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা হিসেবে ধরা হচ্ছে এবং সাধারণ জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করছে।

নোটিশে আরও বলা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি আহত হয়েছেন। এই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার বীরত্ব তিনি ক্রমাগত অমর্যাদা করছেন।

কারণ দর্শানোর নোটিশে ফজলুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে।

ফজলুর রহমান বিষয়টি নিয়ে কালবেলাকে বলেন, ‘আমাকে নোটিশ দেওয়ার কথা শুনেছি, তবে হাতে পাইনি। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত