ভারত সফরে যাচ্ছেন পুতিন

| আপডেট :  30 August 2025, 01:46  | প্রকাশিত :  30 August 2025, 01:46

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে যাবেন। শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।

বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া থেকে বিপুল তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক আরোপ করেছে। এতে দিল্লি-মস্কোর সম্পর্ক আরও জোরদার হয়েছে।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, সোমবার চীনে আঞ্চলিক এক সম্মেলনের ফাঁকে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ডিসেম্বর সফরের প্রস্তুতিও আলোচনা হবে।

ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার রপ্তানি ব্যাহত হলেও দেশটি ভারত ও চীনের মতো বাজারে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। এতে তাদের কয়েকশ’ কোটি ডলারের আয় অব্যাহত রয়েছে।

রাশিয়া ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। সোভিয়েত আমল থেকেই দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরপর থেকেই তার বিদেশ সফর সীমিত হয়ে গেছে। তবে ভারত আইসিসির সদস্য নয়, তাই পুতিনকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা তাদের নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত