হিট নাকি ফ্লপ, কোন পথে হাঁটছেন শাকিব খান?
ঢালিউড সুপারস্টার শাকিব খান। ইতোমধ্যে যিনি ক্যারিয়ারে পার করে ফেলেছেন ২৬ বছর। এই সুদীর্ঘ সময়ে তিনি দর্শকদের যেমন দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা, তেমনি দিয়েছেন ফ্লপ সিনেমাও। এবারের আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে শাকিব অভিনীত সিনেমা ‘প্রিন্স’। তবে এবার প্রশ্ন থেকে যায় কোন পথে এগোচ্ছেন শাকিব খান? আসন্ন সিনেমা কি হলে দর্শক টানতে পারবে নাকি তান্ডবের মতো এবারও দর্শক ভীড়াতে ব্যর্থ হবেন এই ঢালিউড কিং?
গত বছরের ঈদুল আযহায় মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় নির্মিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমার গান ও ট্রেলার দিয়ে মাঠ দখল করলেও শেষ পর্যন্ত হলে দর্শক টানতে পারেননি শাকিব।
অন্যদিকে প্রথমবারের মতো উৎসব সিনেমা নির্মাণ করে দর্শক মহলে বেশ সাড়া ফেলেন নির্মাতা তানিম নূর। পাশাপাশি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ইনসাফ’ বেশ লুফে নেয় সিনেপ্রেমীরা।
‘তান্ডব’ যতটা বড় বাজেটের কাজ ছিল, ঠিক ততটা ঠিক চমক দেখাতে পারে নাই শাকিব অভিনীত এই সিনেমাটি। তাই প্রশ্ন থেকেই যায়, পূর্বের ছবির মতো এবারও কি ফ্লপের পথে হাঁটছেন শাকিব, নাকি নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বড় পর্দায়?
শাকিবের দীর্ঘ ক্যারিয়ারের পথ চলায় টানা বক্স অফিস হিট সিনেমা নেই। এদিকে বাজেটের দিক থেকে বিবেচনা করলে অন্যান্য অভিনেতারা কম বাজেটের সিনেমায় কাজ করলেও তারা গল্প নির্বাচন, দর্শকদের সাইকোলজি অনুধাবন প্রক্রিয়ায় শাকিবের থেকেও এগিয়ে আছেন।
এদিকে পর্যালোচনা করলে দেখা যায়, শাকিবকে দর্শকরা নতুন ভাবে ফিরতে দেখে ২০২৩ সালের ঈদ উল আযহায় মুক্তি প্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত এ সিনেমায় শাকিব এবং ভারতীয় অভিনেত্রী ঈধিকা পালের দুর্দান্ত অভিনয় দর্শক হৃদয় জয় করে এবং বক্স অফিসে সফলতা অর্জন করে।
এরপর ২০২৪ সালে একই নির্মাতার পরিচালনায় নির্মিত ‘রাজকুমার’ মুক্তি পেলে বক্স অফিসে তেমন সফলতা মেলেনি শাকিব অভিনীত এই সিনেমাটির । ছবিটির গল্প তেমন ভাবে দর্শক ভীড়াতে পারেনি প্রেক্ষাগৃহে। তবে একই বছরের ঈদ উল আযহায় তুফান দিয়ে দুর্দান্ত ভাবে কামব্যাক করেন শাকিব খান। রায়হান রাফির পরিচালনায় নির্মিত এ সিনেমাতে শাকিবের ভিন্ন লুক এবং চরিত্র দর্শকরা বেশ লুফে নেয় এবং বক্স অফিসে আসে সফলতা।
কিন্তু শাকিবের ক্যারিয়ারে ছবি হিট থাকলেও সেটার ধারাবাহিকতা বজায় থাকেনি বা এক নাগাড়ে আসেনি । কারণ ২০২৪ শাকিবের তিনটি সিনেমা মুক্তি পায় এর মধ্যে একটি হিট হলেও বাকি দুটি হয় ফ্লপ। সেই কাতারে রয়েছে ‘দরদ’ সিনেমাও। অনন্য মামুনের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি বেশ আয়োজন নিয়ে নির্মাণ করলেও প্রেক্ষাগৃহে বেশ ভালোভাবেই ফ্লপ হয় এটি।
এরপর আরও দেখা যায়, ২০২৫ সালে ঈদ উল ফিতরে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’এ অভিনয় করে বক্স অফিসে দারুণ সাফল্য কুড়ান ঢালিউড সুপারস্টার শাকিব খান।
কিন্তু সেই সফলতা শাকিব ঈদ উল আযহায় বরাবরের মতো ধরে রাখতে পারেননি। রায়হান রাফির পরিচালনায় নির্মিত বিগ বাজেটের সিনেমা ‘তাণ্ডব’ কিছুটা মুখ থুবড়ে পরে বক্স অফিস সাফল্যে।
সেই হিসেবে ২০২৬ সালের ঈদ উল ফিতরে আসন্ন ‘প্রিন্স’ সিনেমাকে সাফল্য পাওয়ার কাতারে ধরা হলেও, চলচ্চিত্রটির ফার্স্ট লুক তেমন কোনো সাড়া ফেলেনি সিনেপ্রেমীদের মাঝে।
এদিকে আসন্ন সিনেমার সাফল্যের উপর নির্ভর করছে শাকিব খানের আগামী দিনের পথ চলা। কারণ আসন্ন সিনেমাটি যদি বক্স অফিসে আশানুরুপ ফলাফল করতে না পারে তাহলে শাকিবকে আবারও পড়তে হতে পারে নতুন এক চ্যালেঞ্জের মুখে।
নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দর্শক প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে ভারত, শ্রীলংকা সহ দেশের বিভিন্ন স্পটে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। এখন দেখার পালা প্রেক্ষাগৃহে কেমন সাফল্য আনতে পারে এই চলচ্চিত্রটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত

