জনপ্রিয় তারকার বাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি

| আপডেট :  09 March 2026, 02:27  | প্রকাশিত :  09 March 2026, 02:27

জনপ্রিয় মার্কিন পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় তিনি তার তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (৮ মার্চ) বিকেলে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে অবস্থিত রিহানার বাসভবনের বাইরে এ ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, বাড়ির বিপরীত পাশের সড়ক থেকে একটি গাড়ি থেকে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় রিহানা ও তার সন্তানরা বাড়ির ভেতরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সাদা রঙের টেসলা গাড়ি থেকে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়া হয়। তাদের দেওয়া তথ্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছ থেকেই এক সন্দেহভাজন তরুণীকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ওই গাড়িটি জব্দ করা হয়েছে এবং আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় রিহানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি এই বিশ্বখ্যাত পপতারকা।

পুলিশ বলছে, গুলিবর্ষণের পেছনে কী উদ্দেশ্য ছিল তা জানতে আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত