কোনো আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য আমরা প্রস্তুত : ইরানি কর্মকর্তা

| আপডেট :  ১০ মার্চ ২০২৬, ১০:১১  | প্রকাশিত :  ১০ মার্চ ২০২৬, ১০:১১

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য তারা প্রস্তুত এবং এখন আর কূটনীতির আলোচনার কোনো সুযোগ নেই।

ইরানের কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান কামাল খাররাজি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির ভাষা বোঝে না। তার অভিযোগ, আলোচনা চলার সময়ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেন না। তাই বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের কোনো সুযোগ তিনি দেখছেন না।

খাররাজি আরও বলেন, এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ বাড়ছে। বিশেষ করে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়েছে। তার মতে, এ চাপ বাড়তে থাকলে উপসাগরীয় আরব দেশসহ অন্য দেশগুলোও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত