অটোরিকশা-ভটভটির সংঘর্ষে ২ নারী নিহত
জামালপুরের মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন- মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫), এবং তুষার (৩৮)। তারা দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকা বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরের দিকে আসছিল। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা যাত্রীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করে।
জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক উজ্জল কুমার সরকার বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারী মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পেয়েছি। জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত

