দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। দীর্ঘদিনের প্রেমিক উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যুক্তরাজ্যে একান্ত পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত এই বিয়ের খবর শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে জেনিফার ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন। ভিডিওতে দেখা যায়, গির্জায় খ্রিষ্টীয় রীতিতে জেনিফার ও উইলিয়াম বিয়ের শপথ বিনিময় করছেন। এরপর নবদম্পতির একাধিক আবেগঘন মুহূর্ত ও ফটোশুটের দৃশ্যও উঠে আসে। ভিডিওর শেষাংশে লেখা ছিল, ‘আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি আমার প্রিয় মানুষ, আমার স্বামী, উইলের সঙ্গে।’ আর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এবং অবশেষে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হলো।’
বোম্বে টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনিফার ও উইলিয়ামের বিয়ের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। সাদা পোশাকে খ্রিষ্টীয় রীতিতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই যুগল।
জানা গেছে, জেনিফারের স্বামী উইলিয়াম ইসমাইল সিঙ্গাপুরভিত্তিক একজন অর্থায়ন পেশাজীবী। অভিনয়জগতের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, এটি জেনিফার উইঙ্গেটের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি টেলিভিশন অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৪ সালের নভেম্বরে আলাদা হয়ে যাওয়ার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এবার নতুন জীবনসঙ্গী উইলিয়াম ইসমাইলকে নিয়ে জীবনের নতুন যাত্রা শুরু করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত

