রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

| আপডেট :  19 August 2025, 10:13  | প্রকাশিত :  19 August 2025, 10:13

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাবদ ৫০০ টাকা এবং হল সংসদ বাবদ ৪০০ টাকা ধার্য করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন। 

তিনি বলেন, বুধবার (২০ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া হল সংসদের জন্য হল প্রশাসনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। 

বুধবার ক্যাম্পাস বন্ধ থাকলেও বিতরণ করা হবে মনোনয়নপত্র। এ বিষয়ে অধ্যাপক আমজাদ হোসেন বলেন, সময় সংকটের জন্য আমরা কালকে থেকেই দেব। ঘোষণা অনুযায়ী ১৭ আগস্ট থেকে মনোনয়নপত্র দেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করতে হয়েছে। আগামী ২০, ২১ এবং ২২ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে।

নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী ১৭-১৯ আগস্ট মনোয়নপত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ (প্রত্যেক আবাসিক হলে ভোটগ্রহণ) শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত