বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক হলে আমি কী করব : মমতা

| আপডেট :  27 August 2025, 09:01  | প্রকাশিত :  27 August 2025, 09:01

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষার বিষয়কে সামনে রেখে আবারও নির্বাচন কমিশন (ইসি) ও ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নিশানায় নিয়েছেন।

মঙ্গলবার বর্ধমানে এক প্রশাসনিক সভায় তিনি বলেন, ‘বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক হলে আমি কী করব? বাংলায় কথা বললে কাজ পাওয়া যায় না, হোটেলে জায়গা মেলে না, পড়াশোনার সুযোগও বন্ধ হয়ে যায়। এটা আমরা মেনে নেব না।’ 

তিনি অভিযোগ করেন, বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামে অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। মমতার মতে, এটি আসলে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) ছদ্মবেশ। তিনি বলেন, ‘মানুষের নাগরিকত্ব নিয়ে খেলা হচ্ছে, ভোটার তালিকা থেকে বাঙালিদের বাদ দেওয়ার ফন্দি চলছে।’ 

মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, ‘নির্বাচন কমিশনকে আমি প্রণাম করি, কিন্তু বিজেপির ললিপপ হয়ে গেলে চলবে না।’ তিনি অভিযোগ করেন, কমিশন ভোটের সময় বিজেপির হাতিয়ার হিসেবে কাজ করছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘তিনি কেন বলবেন, বাংলায় চোর আছে তাই টাকা বন্ধ হয়েছে? যদি চুরি নিয়েই প্রশ্ন থাকে, তাহলে উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রে তাকানো হোক।’

মমতা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার বৈষম্যমূলক আচরণের মাধ্যমে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করছে। আসন্ন নির্বাচনের আগে তৃণমূল নেত্রীর এই ধারাবাহিক আক্রমণ নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী বাংলাভাষী জনগোষ্ঠীর কাছে তার বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে এর আগে শাসকদল দাবি করেছে, মমতা জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রচার চালাচ্ছেন। 

সূত্র : টিভি নাইন বাংলা 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত