চাকরি গেলেও কৌশল বদলাবেন না আমোরিম

| আপডেট :  15 September 2025, 04:48  | প্রকাশিত :  15 September 2025, 04:48

ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পরও নিজের কোচিং দর্শন থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। 

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমের চরম হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন মৌসুমেও ম্যানইউর শুরুটা হয়েছে বাজে। প্রিমিয়ার লিগে চার ম্যাচে তাদের জয় একটি। এক ড্র ও দুই হারে পয়েন্ট তাদের চার। 

হারের পর আমোরিমকে প্রশ্ন করা হয়, খারাপ ফলাফলের পর এখন ফরমেশন পরিবর্তন করবেন কি না। ম্যানইউ কোচ জানিয়ে দেন, তিনি তার কৌশল পরিবর্তন করবেন না। এ প্রসঙ্গে বলেন, ‘আমি আমার কৌশল পরিবর্তন করব না। যদি তারা পরিবর্তন চায়, তাহলে মানুষ বদলাতে হবে। আমি আমার কৌশলে খেলব যতক্ষণ না আমি নিজেই পরিবর্তন করতে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সব কিছুই বুঝতে পারছি। ভক্তদের আস্থা হারানোর বিষয়টাও স্বাভাবিক। তবে কেউ যদি বলে আমরা ভালো করছি না, তবে সেটা আমি মানব না। আমরা ভালো করছি। যদিও ফলে সেটা ফুটে উঠছে না।’

আমোরিমের কোচিংয়ে যখন দুর্দান্ত পারফর্ম করছিল পর্তুগিজ দল পোর্তো, তখন এরিক টেন হাগকে বরখাস্ত করে তাকে কোচের দায়িত্ব দেয় ইউনাইটেড। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে জয় মিলেছে মাত্র ৮টি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত