গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে যে বিবৃতি দিল বিসিবি

| আপডেট :  13 December 2025, 09:27  | প্রকাশিত :  13 December 2025, 09:27

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। হাদির সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবি ওসমান হাদির দ্রুত রোগমুক্তি কামনা করেছে। সংস্থাটির অফিসিয়াল প্ল্যাটফর্মে হাদির ছবি সংযুক্ত করে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি যেন শীঘ্রই পূর্ণ সুস্থতা ফিরে পান।’ একই রকম বার্তা প্রদান করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পেজেও। 

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত