মঙ্গলবার থেকে বন্ধ থাকবে চবি

| আপডেট :  ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪  | প্রকাশিত :  ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪

চলমান বিদ্যুৎ সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের অফিস ১৬ মার্চ পর্যন্ত চালু থাকার কথা ছিল। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে ১০ মার্চ থেকেই অফিস কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, জরুরি সেবা চালু থাকবে।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে নতুন ঘোষণায় বিদ্যুৎ সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত